টুইটারও চায় ট্র্যাকিং অনুমতি

১৯ মে, ২০২১ ১৬:০০  
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে আপডেট আইওএস ১৪.৫-এর কারণে ফেসবুক ব্যবহারকারীদের কাছে ট্র্যাকিংয়ের জন্য অনুমতি চেয়েছিল। এবার একই পথে হাঁটছে টুইটারও। তবে, ফেসবুকের মতো আক্রমণাত্মক কিছু করছে না প্লাটফর্মটি। বিনীতভাবে অনুমতি নেওয়ার চেষ্টা করছে তারা। অ্যাপল আইওএস ১৪.৫-এর মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে বিজ্ঞাপনী ট্র্যাকিংয়ের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে। ফেসবুক স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নিতে পারেনি। রীতিমতো ক্যাম্পেইন করে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপনী ট্র্যাকিংয়ের জন্য অনুমতি চাইছে। অনুমতি না পেলে ভবিষ্যতে সেবার জন্য অর্থ নেওয়া হতে পারে বলেও জানানো হচ্ছে। ম্যাকরিউমারের প্রতিবেদন বলছে, টুইটারের আইওএস অ্যাপ ৮.৬৫-এ আপডেটের পরপরই পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে অনুমতি চাওয়া হচ্ছে। ‘বিজ্ঞাপনকে সংশ্লিষ্ট রাখার’ জন্য অনুমতিটি প্রয়োজন বলেও জানাচ্ছে টুইটার।